তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক ভয়াবহ প্রাইভেট জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ মোট আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লিবিয়ার আরও চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিমানের তিনজন ক্রু সদস্য রয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা এই ঘটনাকে একটি ‘মর্মান্তিক জাতীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারা থেকে উড্ডয়নের প্রায় দুই কিলোমিটার দূরে হায়মানা অঞ্চলের কেসিককাভাক গ্রামের কাছে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার আগে বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলটরা জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। নিহত লিবীয় কর্মকর্তাদের মধ্যে গ্রাউন্ড ফোর্সেস চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল এবং মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউইয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। লিবিয়ার এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফিরছিলেন।
তুরস্কের প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি উঠে এসেছে এবং এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেট জানিয়েছে, একটি ভাড়া করা প্রাইভেট জেটে করে প্রতিনিধি দলটি যাত্রা করেছিলেন। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সেনাপ্রধান আল-হাদ্দাদের মৃত্যু লিবিয়ার সামরিক বাহিনীর জন্য এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যা দেশটির জাতীয় স্থিতিশীলতার ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















