ভারতের ত্রিপুরা রাজ্যে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় নাগরিকদের হামলায় এই তিন বাংলাদেশি নিহত হন বলে ৫৫ বিজিবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের সজল মিয়া (২০)।
ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় গত বুধবার সকালে পাহাড়ি আদিবাসীরা এই তিনজনকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান নিশ্চিত করেন যে, নিহতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিজিবি সংগ্রহ করে ভারতে পাঠালে সেখান থেকে তাদের শনাক্ত করা সম্ভব হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, এই ঘটনা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। ৫৫ বিজিবি সূত্রে আরও জানা যায়, আনুমানিক দুই থেকে তিন দিন আগে এই তিন বাংলাদেশি শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে গোপনে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়ায় প্রবেশ করেছিলেন। স্থানটি সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির সন্দেহে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এর ফলেই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ ভারতের সাম্পাহার থানায় রয়েছে।
রিপোর্টারের নাম 

























