অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে অভিষেকেই নজর কেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এই টুর্নামেন্টে খেলা দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিজের প্রথম ম্যাচে ছাপ রেখেছেন। উইকেটের দেখা না পেলেও সিডনি থান্ডারের রান নিয়ন্ত্রণে রাখতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্সও পরে জেতে ৪ উইকেটে।
মঙ্গলবার হোবার্টে সিডনি থান্ডারের বিপক্ষে অভিষেক হয় রিশাদের। তিনি ৩ ওভার বোলিং করে খরচ করেন ১৮ রান। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। পাওয়ারপ্লের ভেতরে এক ওভার এবং পাওয়ারপ্লে শেষে আরও দুই ওভার করানো হয় তাকে।
পাওয়ারপ্লের পঞ্চম ওভারে প্রথমবারের মতো বিগ ব্যাশে বল হাতে নেন রিশাদ। অভিষেক ওভারে মাত্র ৬ রান দেন তিনি। সপ্তম ওভারে ক্যামেরন ব্যানক্রফট ও স্যাম কনস্টাস তার বলে নিতে পারেন মাত্র ৪ রান। তৃতীয় ওভারে একটি চারসহ ৭ রান খরচ করেন। শেষ পর্যন্ত ব্যানক্রফটের ৪৪ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৮০ রান পায় সিডনি।
হোবার্টের হয়ে বোলিংয়ে সেরা ছিলেন বিলি স্ট্যানলেক। ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি। জর্ডান ক্রস নেন ৩৬ রানে ২ উইকেট।
জবাবে এক বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করেছে হোবার্ট। যার মঞ্চ গড়েন টপের তিন ব্যাটারের। মিচেল ওয়েন ১৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩২ এবং নিখিল চৌধুরী ৩১ বলে ১ চার ও ৩ ছক্কায় করেছেন ৪১ রান। বেন ম্যাকডারমটও খেলেন ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস। তার পর ক্যামিও ইনিংস খেলেছেন টিম ডেভিড, ম্যাথু ওয়েড ও ক্রিস জর্ডান। টিম ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ১৭। ওয়েড ১৬ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ২৫। ক্রিস জর্ডান ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরাও তিনি।
রিপোর্টারের নাম 
























