চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হাফিজুর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের ভাই। এ ঘটনায় মফিজুর রহমান নিজেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের কামিল মাদরাসা গেটের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টা পর্যন্ত চলা এই সহিংসতায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মফিজুর ও হাফিজুরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের মৃত্যু হয়।
এই সহিংসতায় জামায়াত কর্মী খায়রুল ইসলাম ও মাহফুজ ছাড়াও হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান এবং তার বাবা জসীম উদ্দীন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন দাবি করেন, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পর হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান সুটিয়া গ্রামে গেলে জামায়াত কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। সেই ঘটনার জেরে ধরে এই সংঘাতের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের নিরপরাধ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, নির্বাচন পরবর্তী একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জীবননগর উপজেলা জামায়াত বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
রিপোর্টারের নাম 























