বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে রওনা হন। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের পথ আটকালেও, সেই বাধা উপেক্ষা করেই শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং অবরোধ তৈরি করেন।
বুধবার সকাল থেকে শিক্ষকরা সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। তবে দীর্ঘ অপেক্ষার পর কোনো ঘোষণা না আসায় দুপুরে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন শিক্ষক জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এমপিওভুক্ত শিক্ষকরা জানান, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, স্বাস্থ্য (মেডিক্যাল) ভাতা হিসেবে ১ হাজার ৫০০ টাকা প্রদান এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানসহ বেশ কিছু দাবিতে তারা আন্দোলন করছেন। বর্তমানে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, আর এর পাশাপাশি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে পূর্ণ কর্মবিরতি।
শিক্ষকরা আরও অভিযোগ করেন, গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছিল। এরপর তারা তাদের কর্মসূচি শহীদ মিনারে সরিয়ে নেন। পরে সেখান থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে পুলিশ তাদের হাইকোর্ট মাজার গেটেই আটকে দেয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষকদের অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিপাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষকই শ্রেণি কার্যক্রমে আর অংশ নেবেন না।
রিপোর্টারের নাম 























