বাংলা গানের অনন্য কণ্ঠস্বর ও কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস আজ। ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’ শীর্ষক বিশেষ গানের আসরের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে তরুণ প্রজন্মের শিল্পীরা সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এছাড়া আগামীকাল শুক্রবার রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে ‘হেঁটে গেছি বিরাণ পথে’ শিরোনামে আরও একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আজব কারখানা।
১৯৬৪ সালে হবিগঞ্জে জন্মগ্রহণকারী সঞ্জীব চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশোনা শেষ করেন। সাংবাদিকতার পাশাপাশি বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। ‘বায়স্কোপ’, ‘আমি তোমাকে বলে দেব’ ও ‘রিকশা’র মতো কালজয়ী গানের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও সচেতন শ্রোতাদের কাছে তার গানের আবেদন আজও অমলিন।


























