সৌদি আরবের কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে অনুষ্ঠিত এক আয়োজনে ‘আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এবার বাংলাদেশ, যুক্তরাজ্য, ওমান, নাইজার ও ইন্দোনেশিয়ার পাঁচটি মসজিদ এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছে।
পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদের নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম। তার নকশায় স্থানীয় পরিবেশ, জলবায়ু, ইতিহাস ও সংস্কৃতির অনন্য সমন্বয় ঘটেছে। ইট দিয়ে নির্মিত এই মসজিদের খোলা জায়গা ও জানালা দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা একে এক আধ্যাত্মিক পরিবেশ প্রদান করেছে।
তালিকায় থাকা যুক্তরাজ্যের কেমব্রিজ সেন্ট্রাল মসজিদটি তার টেকসই নকশার জন্য প্রশংসিত হয়েছে। এতে ইসলামি ও ব্রিটিশ স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়। এছাড়া ওমানের বাব আস-সালাম মসজিদটি ঐতিহ্যবাহী ওমানি স্থাপত্যের সরলতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য স্বীকৃতি পেয়েছে। এই পুরস্কার মসজিদ স্থাপত্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী সৃজনশীলতা ও পরিবেশগত দায়িত্বশীলতাকে উৎসাহিত করছে।


























