দীর্ঘ পাঁচ দশকের বর্ণাঢ্য অভিনয় জীবন পার করেছেন বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে নিজের অভিনয়ের জাদুতে তিনি দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। তার এই দীর্ঘ পথচলার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছে গণমাধ্যমকর্মীদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গুণী অভিনেতার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। নিজের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তিতে এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আজিজুল হাকিম।
দীর্ঘ ক্যারিয়ারে হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন ও মামুনুর রশীদের মতো কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সিজেএফবির এই আয়োজন তার দীর্ঘ অভিনয় জীবনের অনন্য এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


























