শাকিব খানকে ছাড়া দেশের অন্য কোনও নায়ককে নিয়ে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ দেখায় না বলে অভিযোগ তুলেছেন অপু বিশ্বাস। বিষয়টিকে চলচ্চিত্রের জন্য ‘সুসংবাদ নয়’ বলেও মনে করেন এই নায়িকা তথা শাকিব প্রাক্তন।
সম্প্রতি ‘সিক্রেট’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করেনি। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।’
প্রযোজনা সংস্থা এম কে প্রোডাকশন-এর ‘সিক্রেট’ নামের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। তারই ঘোষণা দিতে গিয়ে ‘শাকিব-নির্ভরতার’ এই চিত্র তুলে ধরেন তিনি। সেই ধারা থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান অপু।
তিনি বলেন, ‘আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই।’
এদিন সিনেমার বাইরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা।
অপুর ভাষ্যে, ‘আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, সামনে এগিয়ে যেতে পারি।’
রিপোর্টারের নাম 

























