ঘন ঘন চোট আর অস্ত্রোপচার- নেইমারের পুরো ক্যারিয়ার জুড়ে এমনটা নতুন নয়। এবার হাঁটুর অস্ত্রোপচারে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। হাঁটুর চোট নিয়েই অবনমন এড়াতে নিজের ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন। ক্রুজেইরোকে ৩-০ গোলে হারাতে ভূমিকা রাখায় অবনমন এড়িয়েছে সান্তোস। কিন্তু নেইমারের নতুন অস্ত্রোপচারে আবার প্রশ্ন উঠছে, আগামী বছরের বিশ্বকাপ খেলতে পারবেন তো?
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন। শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে ব্রাজিলীয় শীর্ষ লিগে টিকে রাখতে বড় ভূমিকা রাখেন তিনি।
ম্যাচের পর চোট নিয়ে নেইমার বলেছেন, ‘আমি এসেছিলাম যতটা পারি দলকে সাহায্য করতে। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল।’
মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ২০টিতে খেলতে পেরেছেন নেইমার। অস্ত্রোপচার নিয়ে বলেছেন, ‘যারা পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে আমি এই ম্যাচগুলো খেলতেই পারতাম না। চোট, বিশেষ করে হাঁটুর সমস্যা নিয়ে। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, এরপরই হবে অস্ত্রোপচার।’
অস্ত্রোপচারের ধরন বা সেরে ওঠার সময়সীমা নিয়ে নেইমার কোনও বিস্তারিত জানাননি। উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলে তিনি খেলেননি টানা দুই বছর। চোটই বারবার ছিটকে দিয়েছে।
গত অক্টোবরে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘বিশ্বকাপে দলে থাকতে নেইমারকে শতভাগ ফিট হয়ে আসতে হবে।’ তাই নেইমারকে নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
রিপোর্টারের নাম 














