সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য মোট ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৮৯টি পদের মধ্যে কর্মকর্তা পদে ১০৭টি এবং সহায়ক কর্মচারী পদে ৩৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিসিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদ একটি এবং সিস্টেম অ্যানালিস্টের পদ একটিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গঠিত ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতি মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে।
কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ সৃজন কমিটির মোট আট সদস্যের মধ্যে সাত সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ কর্মকর্তা-কর্মচারীদের পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসে ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারা অনুসারে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সভাপতি করে গত ১ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়।
রিপোর্টারের নাম 






















