মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত বাংলাদেশি অভিবাসীরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা প্রদান করে স্বদেশে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তারা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’-এর অধীনে গত ১৯ মে ২০২৫ তারিখ থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীরা মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করে সহজে নিজ দেশে ফিরতে পারবেন। যেসব বাংলাদেশি কর্মী অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং দেশে ফিরতে ইচ্ছুক, তাদের প্রতি শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
হাইকমিশন সতর্ক করেছে যে, শেষ সময়ে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি নেওয়া, বায়োমেট্রিক প্রদান এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে।
এই ধরনের প্রতিকূলতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত ট্রাভেল পারমিট সংগ্রহ করে (যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে) প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























