ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।
রবিবার সকালে আইসিটি ভবনের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষায় সংশোধিত অধ্যাদেশ ২০২৫ সহ সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আলোচনায় জানানো হয়, তথ্য প্রযুক্তিতে বিদেশি কাঠামোর তুলনায় বাংলাদেশ প্রায় ২০ থেকে ২৫ বছর পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সদ্য অনুমোদিত অধ্যাদেশগুলো কার্যকর ভূমিকা পালন করবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশে আইনের শাসনের পাশাপাশি এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রযুক্তি বিষয়ক কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে যে অর্থ অপচয় হয়, আইনের সমন্বয়ের মাধ্যমে তা দূর করা সম্ভব।
আলোচনায় নাগরিক জীবনে তথ্যের নিশ্চয়তা, ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং জবাবদিহিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী এই আইন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান।
তিনি আরও বলেন, যৌক্তিক সমালোচনা করুন, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে অহেতুক সমালোচনা করে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
রিপোর্টারের নাম 






















