যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিলে মাওলানা ইসহাক কামালকে কেন্দ্রীয় সভাপতি, মাওলানা সোলাইমান মাদানীকে সিনিয়র সহসভাপতি, মাওলানা চৌধুরী নাসির আহমদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ৬১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক এবং অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব।’ তিনি ব্যক্তিগত জীবনে দ্বীনদারি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতির জন্য দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেওয়া যাবে না এবং বাতিলের সঙ্গে আপস করা হবে না। তিনি আরও বলেন, যুব জমিয়ত শুধু ওলামায়ে কেরামের সংগঠন নয়, বরং আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান। তিনি বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে দেশে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা নাকচ করার দাবি জানান। তিনি কৃষকের সার সংকট, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন। একইসঙ্গে ২০২৪ সালের অবদান মুছে ফেলার চেষ্টা প্রতিহত করে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান; যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী ও মাওলানা আব্দুল মালেক চৌধুরী; সহ-সম্পাদকবৃন্দ এবং অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























