বর্তমান বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে গুঞ্জন শোনা গেলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকেই তার বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আলোচিত হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা রয়েছে।
আলোচনা অনুযায়ী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজে ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে এই পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রিপোর্টারের নাম 



















