চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় ভবনের কয়েকটি কক্ষে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এই অবৈধ আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























