রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর জনসাধারণের সহায়তায় তাকে আটক করেন।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখে সার্জেন্ট সাহাদত মীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় রাজুকে আটক করা সম্ভব হয়।
আটকের সময় ছিনতাইকারীর কাছ থেকে ভুক্তভোগী নারীর কানের দুল উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা ফেরত দেওয়া হয়। গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























