পরিবেশ দূষণ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীজুড়ে গত জুলাই মাসে কালো ধোঁয়া নির্গমনকারী ৯১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সরকার কর্তৃক পরিবেশ সুরক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই অভিযানকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে এবং সার্বিকভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত জুলাই মাসে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা রুজু করা হয়।
ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের মধ্যে ট্রাফিক মতিঝিল বিভাগে সর্বাধিক ৩৫৪টি মামলা হয়েছে। এছাড়াও ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি, ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি, ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি এবং ট্রাফিক লালবাগ বিভাগে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















