বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তীব্র প্রতিবাদ জানিয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ডাকসুর নেতারা এই প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘বাণিজ্য নয় শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা নয় মেধা, মেধা মেধা’, ‘কমিটি নয় মেধা, মেধা মেধা’, ‘চাচা নয় চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা নয় চাকরি, চাকরি চাকরি’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও বেকার যুবকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
সাদিক কায়েম বলেন, ‘এই অন্যায় ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব, আপনারা প্রত্যেকটি জায়গায় অন্যায্য কমিটি-বাণিজ্যের বিরুদ্ধে এবং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন।’ তিনি এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের যে ব্যবস্থা ছিল, তা দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।
সরকারের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই অন্যায্য সিদ্ধান্ত বাতিল করুন। শিক্ষার্থী ও বেকার যুবকদের পেটে লাথি দিয়ে নেওয়া এই সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সিদ্ধান্ত বাতিল না হলে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। জুলাই বিপ্লবে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চেয়েও শক্তিশালীভাবে রাজপথে নেমে শিক্ষার্থীদের দাবি আদায় করব।’
ডাকসুর নেতারা অভিযোগ করেন, এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের পরিবর্তে স্থানীয় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। এতে মেধাবী প্রার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্টারের নাম 























