শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বিক্ষোভ মিছিল করেছে। মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার তীব্র বিরোধিতা করছে জাকসু।
সোমবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বটতলায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘মেধা মেধা’, ‘শিক্ষা নিয়ে ঢালবাহানা, মানি না মানবো না’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানবো না’ এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন।
জাকসুর কার্যকরী সদস্য মুহাম্মদ আলী চিশতি বলেন, ‘আমরা চেয়েছিলাম দেশের সকল প্রতিষ্ঠান সংস্কার হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার হাসিনার দেখানো পথে হাটছে। দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ হচ্ছে। সরকার এনটিআরসির হাত থেকে নিয়োগের ক্ষমতা নিয়ে দলীয়করণ করতে চাচ্ছে।’
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘এনটিআরসি থেকে সরিয়ে স্কুল কলেজের নিয়োগ কার্যক্রম স্কুল কলেজের ম্যানেজিং কমিটির হাতে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। স্কুল কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বে কারা থাকেন আমরা তা জানি। বেশিরভাগ ক্ষেত্রে দলীয় চাটুকার দিয়ে এই পদে রাখা হয়। আমরা সরকারকে আহ্বান জানাই আপনারা এই ধরনের ঘৃণ্য সিদ্ধান্ত থেকে সরে আসেন। অন্যথায় এর পরিনতি কী হতে পারে তা আপনারা ভালো করেই জানেন।’
রিপোর্টারের নাম 


















