২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা এক ঈর্ষণীয় সাফল্য। এই ১২টি ক্যাডেট কলেজ থেকে সর্বমোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। পরীক্ষায় পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮.২২%।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জনই নয়, বরং ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 


















