মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচে জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারেই ১০৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ, নিশ্চিত করে হোয়াইটওয়াশ। জিসান মাত্র ২১ বলে ৭টি ছক্কা হাঁকিয়ে ৫৭ রানের অপরাজিত এক ঝলমলে ইনিংস খেলেন।
মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদের ব্যাটে তারা কিছুটা ঘুরে দাঁড়ায়। তৃতীয় উইকেটে দুজনের ৫৮ রানের জুটি দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দেয়। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আউট হন, আর অধিনায়ক আজিজ ৫২ বলে ৪০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জিসান আলম। জাওয়াদ আবরারও ঝড়ো শুরু এনে দেন, তবে দ্বিতীয় ওভারে ৮ বলে ২৩ রান করে আউট হন। একই ওভারে ৩ বলে ৪ রান করে ফেরেন আরিফুল ইসলাম। দুই উইকেট হারানোর পরও জিসানের তাণ্ডব থামেনি। তিনি সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দ্রুত ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। সাব্বির ৮ বলে ১২ রান করে আউট হওয়ার পর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। শামীম অপরাজিত ছিলেন ৬ বলে ৮ রানে। মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ দুটি এবং প্রশান্ত মাধুকা একটি উইকেট নেন।
রিপোর্টারের নাম 
























