জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) এবং জাহিদুল ইসলাম (৩৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ভুক্তভোগী গৃহবধূ ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। আসামিরা দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং তিনি তা প্রত্যাখ্যান করায় তার ছবি এডিট করে আপত্তিকর ছবি তৈরি করেন। পরে এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং স্বামী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তারা।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আশকর আলী ও জাহিদুল ইসলাম জোরপূর্বক তার বসতঘরে প্রবেশ করেন। জাহিদুলের সহযোগিতায় আশকর আলী ওই নারীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামী বাড়ি ফিরে বাধা দিলে আসামিরা স্বামী-স্ত্রী দুজনকেই মারধর করেন। তাদের চিৎকার শুনে এগিয়ে আসা এক প্রতিবেশীকেও লাঞ্ছিত করা হয়। আসামিরা ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার পর ২০২২ সালের ১০ এপ্রিল ভুক্তভোগী গৃহবধূর ছেলে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আশকর আলী ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















