নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল (৩৫) নামে তার এক সহযোগী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাচিয়ামারা এলাকায় এই ঘটনা ঘটে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হৃদয় মিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে এবং আহত কামাল একই এলাকার মধু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তার দেশে আসার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে স্থানীয় একটি চোরচক্রের চার সদস্য তার বাড়িতে চুরি করতে প্রবেশ করে। এসময় হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল প্রবাসীর বাড়ির একটি কক্ষে ঢুকে পড়ে, আর চক্রের অন্য দুই সদস্য বাইরে অবস্থান করছিল।
বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা চোরদের আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামালকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মো. মুজিবর রহমান জানান, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রায় এক বছর আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























