এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির জন্য যশোরে শামসুল হুদা একাডেমিতে বাংলাদেশ দলের ক্যাম্প চলাকালীন ইংলিশ কোচ জেরার্ড জোনসকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দিয়ে দেশের ফুটবল অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন।
প্রথম স্ট্যাটাসে কোচ জেরার্ড জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে বেতন দেয়নি এবং পরিবার নিয়ে সংকটের মধ্যে আছেন। তিনি আরও অভিযোগ করেন যে, প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং জীবন নিয়ে ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরবর্তীতে তিনি আরেকটি স্ট্যাটাসে আপডেট দিয়ে জানান, বাফুফের কাছ থেকে বেতন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যাংকিং-সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন, যে সমস্যা সম্পর্কে তাকে আগে জানানো হয়নি।
কোচের বেতন না পাওয়ার খবরটি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই ফুটবল কোচ। তিনি দাবি করেন, গতকাল ঢাকায় এবং আজও এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যে কারণে নিজেকে বেশ অসহায় মনে করছেন। তিনি উল্লেখ করেন, মানুষ গাড়ির কাছে এসে গাড়িতে ধাক্কা দিয়েছে, গাড়ি ঘিরে ধরে টাকা চাইছে। অনিশ্চয়তা, নতুন সমস্যার মুখোমুখি—সব মিলিয়ে বাংলাদেশে জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে তার।
কোচের এমন মন্তব্যে বাফুফে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আজ দুপুরে বলেন, চুক্তি অনুযায়ী অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ডকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা এবং সেভাবেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচের প্রতিক্রিয়ায় বিব্রত বাফুফে। তারা মনে করে, কোনো অভিযোগ থাকলে তা সরাসরি বাফুফেকে জানালে বিষয়টি এতটা ঘোলাটে হতো না। উল্লেখ্য, উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ডকে গত জুন মাসে নিয়োগ দিয়েছে বাফুফে।
রিপোর্টারের নাম 



















