মালয়েশিয়ার কৃষি সরবরাহব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্টার্টআপ ‘ফ্রেশ মুভ’ চালু করেছেন দুই বাংলাদেশি তরুণ উদ্যোক্তা। স্থানীয় কৃষক ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি খুচরা বিক্রেতা ও রেস্তোরাঁগুলোর সংযোগ স্থাপন করে কৃষিপণ্যের অপচয় কমানো এবং বিপণন প্রক্রিয়াকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ইউনিভার্সিটি অব মালায়ার প্রাক্তন শিক্ষার্থী ফরহাদ হোসেন, শাহীন আলম এবং মালয়েশীয় নাগরিক নূর শাফিকাহ বিনতি রোসলান যৌথভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। বর্তমানে ফরহাদ হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), শাহীন আলম প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং নূর শাফিকাহ বিনতি রোসলান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন এক শিক্ষাসফরে মালয়েশিয়ার পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডস পরিদর্শনের সময় এই স্টার্টআপের ধারণাটি মাথায় আসে ফরহাদ হোসেনের। তিনি লক্ষ্য করেন, উন্নতমানের কৃষিপণ্য উৎপাদিত হলেও সঠিক বাজারজাতকরণ ও পরিবহণব্যবস্থার অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা সমাধানে তিনি বাংলাদেশ থেকে অভিজ্ঞ কৃষক নিয়ে এসে পরীক্ষামূলক চাষাবাদও করেন, যা সফলতার মুখ দেখে।
কৃষক ও ক্রেতার মধ্যকার এই শূন্যতা পূরণ করতেই মূলত ‘ফ্রেশ মুভ’-এর যাত্রা। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরবরাহব্যবস্থাকে আরও দক্ষ করে তোলার মাধ্যমে মালয়েশিয়ার কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে চান এই বাংলাদেশি তরুণরা।
রিপোর্টারের নাম 

























