প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, যা পুরো অনুষ্ঠানস্থলকে জনসমুদ্রে পরিণত করে।
রোববার বেলা সোয়া ১টার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বাঁশখালী পৌঁছান। এ সময় বাহারছড়া সমুদ্রপাড়ে সমবেত মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের মিছিল, স্লোগান ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানস্থলের আশপাশেও বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফরে এসেছেন। এই কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং ১০০ গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন এবং সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 



















