বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই এবার ব্যক্তিগত কেলেঙ্কারিতে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর ‘বিবাহবহির্ভূত সম্পর্কের’ অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য সামনে আসার পর ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই নারী যখন উয়েফায় ইনফান্তিনোর অধীনে কাজ করতেন, তখন তাঁকে ছয় অঙ্কের একটি বড় অংকের অর্থ দেওয়া হয়েছিল। এছাড়া ইনফান্তিনোর প্রভাবে তাঁকে দ্রুত পদোন্নতি দেওয়ারও অভিযোগ রয়েছে। তবে ফিফা সভাপতির পক্ষ থেকে এক মুখপাত্র এই অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ইনফান্তিনোর বিরুদ্ধে আনা এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে উয়েফা কর্তৃপক্ষ ওই নারীকে অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে, সেই অর্থ মূলত একটি বিজনেস স্কুলে তাঁর উচ্চতর শিক্ষার ফি হিসেবে দেওয়া হয়েছিল এবং তৎকালীন নিয়ম অনুযায়ী এটি বৈধ ছিল। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো বর্তমানে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে ইউরোপীয় দেশগুলোর চাপের মুখে রয়েছেন। মরক্কোতে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে তিনি কর্মকর্তাদের সমর্থন পেলেও এই নতুন নৈতিক স্খলনের অভিযোগ তাঁর নেতৃত্বের ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
রিপোর্টারের নাম 

























