মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তরুণ উমায়ের ইবনে জহির। বিদেশের মাটিতে ৬৫টিরও বেশি দেশের শিক্ষার্থীদের ভোটে জয়ী হওয়া উমায়েরের এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্বের সক্ষমতার এক অনন্য উদাহরণ।
গাজীপুরের সন্তান উমায়েরের শিক্ষাজীবন শুরু হয়েছিল মাদরাসা শিক্ষার মাধ্যমে। টঙ্গীর তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে পড়াশোনা শেষ করে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের উত্তাল সময়ের পর নভেম্বর মাসে তিনি স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে গিয়ে স্বল্প সময়ের মধ্যেই নিজের মেধা ও নেতৃত্বের গুণাবলী দিয়ে সবার নজর কাড়েন।
উমায়ের যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সেটি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ থিওরি ও সোশ্যাল বিজনেসের দক্ষিণ-পূর্ব এশীয় কেন্দ্র হিসেবে পরিচিত। উমায়ের জানান, বিশ্ববিদ্যালয়ের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ তাকে এই অবস্থানে আসতে অনুপ্রাণিত করেছে। তার স্বপ্ন হলো একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা।
নিজের এই সাফল্য সম্পর্কে উমায়ের বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয় আর আমার স্বপ্ন বিশ্বকে নিয়ে।’ তার এই বিজয় প্রমাণ করে যে, সুযোগ ও সঠিক পরিবেশ পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোনো প্রান্তেই সফল হতে পারে। তার এই অর্জনে গর্বিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও।
রিপোর্টারের নাম 
























