কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডানপন্থি আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে দেশের তেল ও গ্যাস শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হওয়া এই নেতা তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
৪৮ বছর বয়সী এই প্রেসিডেন্ট প্রথা ভেঙে রাজধানী বোগোতার পরিবর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। ক্যালি শহরটি দীর্ঘকাল ধরে সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। শপথের স্থান পরিবর্তনের মাধ্যমে তিনি বিদায়ী বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর শান্তি আলোচনার নীতি থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এসপ্রিয়েলা শুরু থেকেই পেত্রোর নীতিকে ব্যর্থ বলে সমালোচনা করে আসছিলেন।
শপথগ্রহণ পরবর্তী ভাষণে দে লা এসপ্রিয়েলা বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না এবং মাদক-সন্ত্রাসবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পথ এখন বন্ধ। এছাড়া তিনি কলম্বিয়ার ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, তার সরকার বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করবে এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি ইকোপেত্রোলের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।
রিপোর্টারের নাম 
























