রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবনে’ মরহুমের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মরহুম মাহবুব আলী খানের নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন।
এছাড়াও দোয়া মাহফিল ও ইসলামী আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা অংশ নেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ছিলেন।
রিপোর্টারের নাম 


















