বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং গবেষণা সহযোগিতা আরও সুসংহত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিক্ষা, কৃষি এবং পশুসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমান সরকার আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে একটি বিশ্বমানের গবেষণা ও স্টাডি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আঞ্চলিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া উন্নয়ন প্রকল্পগুলো সঠিক সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সক্ষমতা উন্নয়ন ও কারিগরি সহযোগিতায় অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে। বিশেষ করে বাণিজ্য আলোচনা ও আন্তর্জাতিক চুক্তির আইনি বিষয়গুলোতে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণে তারা আগ্রহী। বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তর উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
রিপোর্টারের নাম 

























