রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি রোজি বেগম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর দৌলতদিয়া এলাকার আরিফ কাজীর স্ত্রী মোছা. রোজি বেগম (৫০), একই এলাকার নিশি আক্তার (৪২) এবং দৌলতদিয়া বাজারের আখের আলী (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া রোজি বেগম ওই অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও ১২টি মাদক মামলা রয়েছে। নতুন এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























