প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যে গণআন্দোলন হয়েছিল, তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফলতার মুখ দেখেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই বিপ্লবের সফলতার সম্পূর্ণ কৃতিত্ব এদেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। বিগত ১৭ বছর ধরে এদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী আরও অনেক রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। তারা কখনোই মাঠ ছেড়ে যাননি বা জনগণকে একা ফেলে দেননি।
মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এ ‘‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান আরও বলেন, এখন আর আন্দোলন, সংগ্রাম বা তর্ক-বিতর্কের সময় নয়। এখন দেশ পুনর্গঠন করার সময়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের প্রতি ধৈর্য সহকারে এবং ঠাণ্ডা মাথায় সজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণকে সতর্ক করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছে এবং দেশকে পুনর্গঠনের জন্য যা কিছু করা হচ্ছে, সেগুলোকে ধীরে ধীরে বাস্তবায়ন করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
রিপোর্টারের নাম 



















