কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে আমরা কালিমায়ে তাইয়্যেবার মতো বিশ্বাস করি। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ কখনোই পথ হারাবে না। মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) বিকেলে আয়োজিত এক জুলাই গণঅভ্যুত্থান স্মারক উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন তাদের কাছ থেকেই যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে, এটিই সবচেয়ে বড় দুঃখের। তিনি বর্তমান তরুণ প্রজন্মের প্রতি আস্থা রেখে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুগের মানুষ না হলেও, তিনি তোমাদেরই যুগের। তিনি নিজে নির্যাতিত, নিপীড়নের শিকার হয়েছেন, তাঁর মাও নির্যাতিত ছিলেন। তাই তিনি তোমাদের ব্যথা বোঝেন।
দেশ গড়ার প্রশ্নে সকলকে ধৈর্য ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভরসা রাখার আহ্বান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, দলে সরাসরি যোগ না দিলেও, দেশের প্রশ্নে এবং স্বাধীনতার প্রশ্নে সবাইকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হবে। তিনি মেধাবী ও সুবক্তা তরুণদের নেতৃত্বে আসার আহ্বান জানিয়ে বলেন, তোমরা নেতৃত্বে থাকলে এদেশ সঠিক পথেই থাকবে।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ বাঁচানোর পাশাপাশি আসুন সবাই কুমিল্লাকে বাঁচাই।’ তিনি উল্লেখ করেন, কুমিল্লা একসময় পচে গিয়েছিল, কিন্তু তিনি যাত্রা শুরু করেছেন এবং কিছুটা সফলতার পথে আছেন। এর কৃতিত্ব তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দূরদর্শী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অর্পণ করেন। তার কাছে সবার আগে বাংলাদেশ এবং এর পাশাপাশি কুমিল্লা।
‘জুলাই ৩৫শ কুমিল্লার’ আয়োজনে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শেখ হাসিনার পতন নিশ্চিতে জীবন দিয়েছেন, চোখ হারিয়েছেন বা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
নাজমুল হাসান বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক কোনো দেশে এমন নজির নেই যেখানে এক মাসে কোনো শাসক হাজার হাজার মানুষকে হত্যা করেছে বা পঙ্গুত্ব বরণ করিয়েছে। তিনি দাবি করেন, বিগত সরকার প্রধান তাই করেছেন। তিনি বলেন, বিগত দিনের বর্বর বাংলাদেশ থেকে আপনাদের আত্মত্যাগের বিনিময়েই আজ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। আমি বলি, সবার আগে বাংলাদেশের পাশাপাশি, সবার আগে জুলাই গণঅভ্যুত্থান, সবার আগে মুক্তিযুদ্ধ এবং সবার আগে জুলাই শহীদদের স্মরণ করতে হবে। তিনি জুলাই আন্দোলনে কুমিল্লার শিক্ষার্থীদের অনবদ্য অবদানের কথা স্মরণ করেন।
রিপোর্টারের নাম 



















