২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল একটি আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ। মঙ্গলবার সচিবালয়ে এক আলাপচারিতায় বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের গণবিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং জাতি এক নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে রাজপথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, গুম ও অবর্ণনীয় নির্যাতন। বিশেষ করে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনা এই আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে গেছে।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিগত সরকারের অনমনীয় মনোভাব ও দমন-পীড়ন যখন চরমে পৌঁছায়, তখন সাধারণ মানুষের ক্ষোভ জনবিস্ফোরণে রূপ নেয়। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র মেরামতের চ্যালেঞ্জ গ্রহণ করেছে।
আলাপকালে মন্ত্রী জুলাই আন্দোলনে ঢাকার বাইরের জেলাগুলোর বিশেষ করে লালমনিরহাটের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন পরিবেশে বাংলাদেশ দ্রুত একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
রিপোর্টারের নাম 




















