প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম অনুযায়ী, ভোটার হওয়ার আবেদনের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো কোনো বার্তা বা ফোনে এক সপ্তাহের মধ্যে সাড়া না দিলে সংশ্লিষ্ট আবেদনটি স্বয়ংক্রয়ভাবে বাতিল হয়ে যাবে। মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজনে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। ফোনে পাওয়া না গেলে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হবে। এসএমএস পাঠানোর সাত দিনের মধ্যে যদি আবেদনকারী কোনো উত্তর না দেন, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ওই আবেদনটি বাতিলের প্রক্রিয়া শুরু করবেন।
বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া উল্লেখযোগ্য। এছাড়া আরও কয়েকটি দেশে এই কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে। প্রবাসীদের হয়রানি কমাতে এবং নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করতেই বর্তমান কমিশন এই কঠোর অবস্থান নিয়েছে।
রিপোর্টারের নাম 

























