কিশোরগঞ্জের বিশ্বখ্যাত শোলাকিয়া ঈদগাহ মাঠের নান্দনিকতা বৃদ্ধি এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের লক্ষ্যে প্রায় ৬ কোটি টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের উন্নয়ন দর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং স্থানীয় নেতৃবৃন্দ গত ঈদুল ফিতরের সময় শোলাকিয়া মাঠের আধুনিকায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এই বরাদ্দ অনুমোদন করেছে। প্রকল্পের আওতায় মাঠের নিচু জমি ভরাট, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং চারদিকে মজবুত স্লোপ নির্মাণ করা হবে।
শোলাকিয়া মাঠের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে পুরো মাঠ ঘিরে একটি দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীর ও শৈল্পিক প্রবেশদ্বার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা লাখো মুসল্লির সুবিধার্থে ঈদগাহ সংলগ্ন পুকুরে তিনটি আধুনিক ঘাটলা এবং বর্তমান মসজিদটিকে তিনতলা ভবনে উন্নীত করার কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত। সেখানে থাকবে উন্নত মানের অজুখানা ও ওয়াশরুম সুবিধা।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব কামরুল হাসান মারুফ জানান, আগামী ঈদুল ফিতরের আগেই মাঠ ভরাট ও সীমানাপ্রাচীরসহ প্রধান কাজগুলো শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক এই মাঠটিকে সুশৃঙ্খল ও দর্শনীয়ভাবে প্রস্তুত করা হচ্ছে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শোলাকিয়া ঈদগাহের মর্যাদা বিশ্বজুড়ে আরও উজ্জ্বল হবে এবং ঈদের জামাতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশে ইবাদত করার সুযোগ পাবেন।
রিপোর্টারের নাম 





















