বাংলাদেশে নতুন করে কোনো প্রকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হলে দেশের সচেতন জনগণ তা কঠোরভাবে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব এদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। দুই বছর আগে ছাত্র-জনতার সেই ঐতিহাসিক আত্মত্যাগ আজ আমাদের নতুন পথ দেখাচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবির আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও শহীদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, শিশু থেকে শুরু করে তরুণ প্রজন্ম—সবার কাছে আন্দোলনের এই সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে আপনারাও জুলুমের শিকার হয়েছিলেন, তাই এমন কিছু করবেন না যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে। বাংলাদেশের মানুষ সব সময় সজাগ রয়েছে এবং যেকোনো স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ দেশের মানুষ কখনোই স্বৈরাচারী বা দমনমূলক শাসন মেনে নেয়নি এবং নেবেও না। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















