সংসদে সংবিধান সংস্কার না হলে সমস্যার সমাধান রাজপথেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ক্ষমতাসীন বিএনপি সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসে শুধুমাত্র সংশোধনের কথা বলা জাতির সঙ্গে প্রতারণার শামিল।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক জাতীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের সুস্থতা এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের কনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিম, আনাস ও মেহেদী হাসানসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তারা বৈষম্যহীন রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সেই চেতনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করা উচিত।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর জারি হওয়া আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তার দাবি, সেই গণভোটে ৭০ শতাংশের বেশি মানুষ জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। এখন যদি সেই গণরায় অস্বীকার করা হয়, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, একই ভোটে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে একটি মেনে অন্যটি না মানার সুযোগ নেই। পার্লামেন্টে সংবিধান সংস্কার না হলে এই সমস্যার সমাধান রাজপথেই হবে।
তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান পরিষদ গঠন এবং সংসদের মাধ্যমে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে ছাত্র-শ্রমিক-জনতা আবারও রাজপথে নামবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মধ্যে শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য।
রিপোর্টারের নাম 



















