ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ৫ আগস্ট। এই দিনটিকে কেন্দ্র করে নয়াদিল্লি থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরাসরি ভিডিওতে নয়, নিরাপত্তা ও কারিগরি কারণে তিনি অডিও লিংকের মাধ্যমে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।
দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভারতের কোনো একটি অজ্ঞাত স্থান থেকে শেখ হাসিনা এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হবেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
ধারণা করা হচ্ছে, এই ভাষণে শেখ হাসিনা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ, দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজ অবস্থান তুলে ধরবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা এবং তাঁর পরিবারের সদস্যদেরও ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমনে বিগত আওয়ামী লীগ সরকারের ভূমিকার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অনুপস্থিতিতে তাঁকে সর্বোচ্চ সাজাও প্রদান করা হয়েছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রী সব অভিযোগ অস্বীকার করে আইনি লড়াইয়ের মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে আসছেন।
রিপোর্টারের নাম 





















