সৌদি আরবের নির্ধারিত কোটার আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের সুযোগ রয়েছে। আগ্রহী হজযাত্রীদের ধর্ম মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে নিবন্ধন করতে হয় এবং আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। তবে, বরাবরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হজে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, বিদেশে বসবাসরত বাংলাদেশিদেরও হজে অংশগ্রহণের জন্য দেশে ফিরে এসে নিবন্ধন ও হজযাত্রা সম্পন্ন করতে হয়। এতে অতিরিক্ত সময়, ব্যয় এবং দীর্ঘ ভ্রমণের কারণে তাদের ভোগান্তি বাড়ে বলে অভিযোগ রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় যে, এ বিষয়ে সৌদি আরবের কোনো নির্দেশনা নেই, তবে প্রবাসীদের অভিযোগ, বাস্তবে তা ঠিক নয়। তারা মন্তব্য করেন যে, বাংলাদেশ সরকার অযৌক্তিকভাবে এতদিন প্রবাসীদের সরাসরি হজের সুযোগ দেয়নি।
তবে, বর্তমান সরকারের আমলে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রবাসী নেতারা সরকার ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে যোগাযোগ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাব ও ধর্ম মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
গত ১৩ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং প্রবাসীরা সরকারি অথবা বেসরকারি— যেকোনো ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধনের সময় প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট আকারের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্ষম মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন। এছাড়া, প্রবাসী হিসেবে তথ্য প্রদান, বসবাসরত দেশের নাম উল্লেখসহ বৈধ আবাসনের নথি আপলোড করতে হবে। নির্ধারিত হজ প্যাকেজ নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজে অংশ নিতে হবে।
তবে, প্রবাসীদের অভিযোগ, নিবন্ধনের সুযোগ থাকলেও তাদের বাংলাদেশে ফিরে সেখান থেকে সৌদি আরব যেতে বাধ্য করা হয়, যা অতিরিক্ত ব্যয় ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ও যুক্তরাজ্য প্রবাসী একজন নেতা এই বিষয়ে সরকারের সহায়তা কামনা করেছেন।
রিপোর্টারের নাম 

























