ফেনীর দাগনভূঞায় পৌরকর অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছেন পৌরসভার নাগরিকেরা। মঙ্গলবার বেলা ১১টায় দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরসভার নতুন কর নির্ধারণে কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ গুণ পর্যন্ত পৌরকর বাড়ানো হয়েছে এমন অভিযোগ তুলে নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন।
পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী কামাল উদ্দিন, বেলায়েত হোসেন, ফুটন আহমেদ, দেলোয়ার হোসেন ও মারজাহান আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরিক সেবা কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়লেও পৌরকর অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। আয় ও আর্থিক সক্ষমতা বিবেচনা না করে এভাবে কর বাড়ানো হলে পৌরবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
বক্তারা অবিলম্বে অস্বাভাবিক পৌরকর বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাগরিকদের ওপর থেকে বাড়তি করের বোঝা কমানোর দাবি জানান।
রিপোর্টারের নাম 






















