দেশের বর্তমান গ্যাস সংকট মোকাবিলা এবং পরিবহন খাতের অচলাবস্থা নিরসনে সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানিয়েছে ‘২৪ ঘণ্টা সিএনজি সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে আগামী ১৬ আগস্ট গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। ঐক্য পরিষদের সদস্য সচিব মু. গোলাম ফারুক বলেন, দেশে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এর ওপর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সিএনজিচালিত পরিবহন খাতে।
সংগঠনটির উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে ক্যাসকেড সিলিন্ডার বোঝাই কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ বন্ধ করা, ফিলিং স্টেশনগুলোর জন্য পৃথক গ্যাস লাইন স্থাপন এবং অনিয়ম রোধে নিয়মিত তদারকি নিশ্চিত করা। বক্তারা বলেন, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় মালিক ও শ্রমিক উভয়ই ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 



















