খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে হেফাজতে নিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। খাগড়াছড়ির পানখাইয়া পাড়া সড়কের দার আল হিজাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রায় এক মাস ধরে এক নারীকে সঙ্গে নিয়ে তিনি সেখানে অবস্থান করছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে মোঃ শিমুল হোসেন, কনস্টেবল (নং-১৫১৬), বিপি নং-৯৭১৬১৯০৬৯৫ হিসেবে পরিচয় দেন। তার কর্মস্থল খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনস। গত ১৯ মে ২০২৬ তারিখে কুষ্টিয়ায় একটি মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) আইয়ুব আলীর অনুমতি নিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন। তবে এরপর থেকে তিনি আর কর্মস্থলে যোগদান করেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগীয়ভাবে তাকে কর্মস্থলে যোগদানের জন্য বাড়ির ঠিকানায় একাধিকবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও তিনি সাড়া দেননি। ফলে তাকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত (গরহাজির) হিসেবে দেখিয়ে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিমুল হোসেন নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন। এছাড়া জেলার চিহ্নিত মাদক কারবারীদের সঙ্গে হোটেল অবস্থান ও বৈঠক করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযানকালে কী কী উদ্ধার করা হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হেফাজতে নেওয়া ব্যক্তি পুলিশ সদস্য। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রিপোর্টারের নাম 


















