চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সরকারের আমলে লুটেরা শিল্প গ্রুপ হিসেবে পরিচিতি পাওয়া এই প্রতিষ্ঠানটির কারখানাগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত পর্যন্ত ধাপে ধাপে এসব কারখানার নোটিশ বোর্ডে বন্ধ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। আজ ১ আগস্ট থেকে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে।
কারখানাগুলোতে কর্মরত প্রায় ৬ হাজার শ্রমিক-কর্মচারীকে পর্যায়ক্রমে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। শ্রমিকরা জানান, বৃহস্পতিবার কাজ শেষে ফেরার পর কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু করেছে কর্তৃপক্ষ। যেসব শ্রমিক এখনও বেতন তালিকায় রয়েছেন, তাদের আগামী ৬ আগস্টের মধ্যে সব বকেয়া ও আইনানুগ পাওনা পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী হাশমত আলী, যিনি ২৭ বছর ধরে এই কারখানায় কর্মরত আছেন, তিনি জানান, গত ২ বছর ধরেই তাদের কারখানায় সংকট চলছিল। কাঁচামাল সংকটে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছিল এবং আর্থিক সংকটে বেতন-ভাতাও অনিয়মিত হয়ে গিয়েছিল। গত ২-৩ মাস ধরেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার অফিস করে বাড়ি ফেরার পর সহকর্মীদের কাছ থেকে তিনি কারখানা বন্ধের খবর পান।
একই কারখানার কর্মচারী আব্দুর রহমান জানান, গত বছরের আগস্টে কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাবের ওপর বিধিনিষেধ আরোপের পর থেকেই কারখানাগুলো সংকটে পড়ে। গুদামে থাকা কাঁচামাল দিয়ে এতদিন উৎপাদন চালানো হলেও এখন সেই মজুতও শেষ হয়ে গেছে। তিনি আরও জানান, উৎপাদন সীমিত বা পুরোপুরি বন্ধ থাকলেও গ্রুপটি এক বছরেরও বেশি সময় ধরে শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। কয়েক মাস আগে ১০০ থেকে ১৫০ জন কর্মীকে সব পাওনা বুঝিয়ে বিদায় দেওয়া হয়েছিল। সবশেষ পুরো কারখানা বন্ধ ঘোষণা করতে হলো।
বন্ধ হওয়া কারখানার মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, একটি ফিড মিলসহ আরও কয়েকটি শিল্প ইউনিট। বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী শিল্প এলাকায় অবস্থিত। সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ঘটনা চট্টগ্রামে অতীতে বিরল।
রিপোর্টারের নাম 



















