অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা, যৌথ অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর মদতে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের আল-মুঘাইয়্যির গ্রামে হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে ১০ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু আহত হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
ওয়াফার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে খাওয়ার্তা তল্লাশিচৌকির কাছে এক ফিলিস্তিনি পুরুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছে ইসরাইলি বাহিনী। নাবলুসে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা কেন্দ্রের পরিচালক আমজাদ আহমেদ জানিয়েছেন, ইসরাইলি বাহিনীর হামলায় আহত ২২ বছর বয়সি এক যুবককে তাদের উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।
গত সপ্তাহে নাবলুসের কাছে অবস্থিত টেল গ্রামে বসতি স্থাপনকারীদের এক রক্তক্ষয়ী হামলায় চারজন ফিলিস্তিনি ও দু’জন ইসরাইলি নিহত হওয়ার পর থেকে ওই এলাকায় ইসরাইলি সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই রাতভর অভিযান ও গ্রেপ্তার চালাচ্ছে।
অন্যদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকাতেও হামলা অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার পরিষেবার এক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে পরিচালিত অপর একটি পৃথক বিমান হামলায় এক ফিলিস্তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছেন আল-আকসা মার্টার্স হাসপাতালের চিকিৎসকেরা।
রিপোর্টারের নাম 


















