ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধা সংক্রান্ত নতুন নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) ও তফসিলি ব্যাংকগুলো আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত এই নির্দেশনা বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধার জন্য প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্ড ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করার সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
বর্তমানে গ্রাহকরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্টে অর্থ যোগ করতে পারেন। তবে এই ধরনের লেনদেনে নিরাপত্তা জোরদার, গ্রাহকের পরিচয় যাচাই (কেওয়াইসি) এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নতুন কিছু নির্দেশনা জারি করেছিল। এসব নির্দেশনা বাস্তবায়নে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত অবকাঠামো এবং কার্যপ্রণালীতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























