নিজের পকেট ভারী না করে কর্মীদের জন্য কিছু করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতার একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করেন। এই পোস্টে কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতারা সহমত জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।
ছাত্রদল নেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো: “সময় থাকতে নেতা-কর্মীদের জন্য কিছু করেন। আপনাদের নিজের প্রয়োজন হলে কর্মীদের কথা মনে পড়ে, কিন্তু তারা কীভাবে চলছেন—একবারও কি খোঁজ নিয়েছেন! এখনও সময় আছে। নিজের পকেট ভারী না করে কর্মীদের জন্য কিছু করেন।”
পোস্টটিতে আতিকুর রহমান ভূঁইয়া নামে একজন ছাত্রদল নেতা মন্তব্য করেছেন, কর্মীরা না খেয়ে মারা যাচ্ছে, আর নেতারা বিলাসবহুল জীবন যাপন করছেন। সোহাগ হোসেন নামে আরেকজন লিখেছেন, “ভাই একমাত্র আপনার মুখে শুনি কর্মীদের কথা। ভাই আমরা যারা কর্মী আছি তারা হলো বিনা বেতনের লেবার।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাদিমুর রহমান শিশির। গত বছর তাদের বাদ দিয়ে নতুন কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কয়েকজন সাবেক নেতা জানান, তাদের নেতৃত্বে কুমিল্লায় আন্দোলন হয়েছিল, কিন্তু গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামে যুক্ত থাকার পরও তারা সঠিক মূল্যায়ন পাচ্ছেন না।
রিপোর্টারের নাম 






















