রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই পরোয়ানা জারি করে। এর আগে এই মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছিল।
মামলার ৪১ জন আসামির মধ্যে রয়েছেন: শেখ হাসিনা, ড. মহিউদ্দিন খান আলমগীর, অ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মো. মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ চৌধুরী, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম), আব্দুল লতিফ সিদ্দিকী, অ্যাডভোকেট মিনাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, ডাঃ দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, এস এম জাহিদ, ডা: ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা, হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ, মোহাম্মদ মোখলেছুর রহমান, জেনারেল আজিজ আহমেদ, জিয়াউল আহসান, লে: জেনারেল মো. মুজিবুর রহমান, মোহা. আবদুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মহা. আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মোহাম্মদ-হারুন-অর রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।
বর্তমানে এই মামলায় ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছিল, তাতে এই আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















